Monday, December 15, 2025
Latestদেশ

বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য ১৬০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা কবলিত পাঞ্জাবের জন্য ১৬০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। সেই সঙ্গে, মৃতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের পাওনা ১২ হাজার কোটি টাকা ছাড়াও এই অর্থ দেবে কেন্দ্র সরকার। পাশাপাশি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এবং পিএম কিষাণ সম্মান নিধির দ্বিতীয় কিস্তির টাকা অগ্রিম প্রদান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। 

মোদী আরও বলেন, এই বন্যার কারণে অনাথ হওয়া শিশুদের পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের আওতায় ব্যাপক সহায়তা প্রদান করা হবে। যা ওই শিশুদের দীর্ঘমেয়াদী সুখদায়ক জীবনযাত্রা নিশ্চিত করবে।

এদিন, পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের গুরুদাসপুরে পৌঁছান। সেখানে, তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। পাঞ্জাবের মুখ্য সচিব কেএপি সিনহা তাকে সীমান্তবর্তী রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটি উপস্থাপনা দেন।

বৈঠকের আগে তিনি এলাকাটি আকাশপথে পরিদর্শন করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।