‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরেই গ্রামীণ ব্যাঙ্কের ১০০টি শাখায় হামলা হয়েছে’, অভিযোগ বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নভেম্বর মাসে বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই এই ধরনের হামলার ঘটনা ঘটছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ইউনূসের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে এবং এর ফলে গ্রামীণ ব্যাংকের লক্ষ লক্ষ নারী ঋণগ্রহীতার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ব্যাংকটির ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার প্রায় ৯৭ শতাংশই নারী। তিনি এই হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, একই ধারাবাহিকতায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের পরিচালনায় নিজের কোনও সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন ইউনূস। পাশাপাশি ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তার দাবি জানান তিনি। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রধান উপদেষ্টা।

