রামমোহন রায় ‘ব্রিটিশদের দালাল’! তুমুল সমালোচনার মুখে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে কটাক্ষ করেছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার। বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন তিনি। বক্তব্য প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। ইতিহাস বিকৃত করার অভিযোগ ওঠে বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে।
ইন্দর সিংহ দাবি করেন, ঔপনিবেশিক আমলে ইংরেজদের নির্দেশে রামমোহন কাজ করেছিলেন। তার অভিযোগ, বাংলা ও আশপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে ‘ধর্মান্তরণের চক্র’ চালাতেন রামমোহন। এমনকি তিনি আরও বলেন, ব্রিটিশ শাসকেরা ভুয়ো সমাজ সংস্কারকদের তৈরি করেছিলেন, রামমোহন নাকি তাঁদেরই একজন।
শিক্ষামন্ত্রীর দাবি, ‘‘অন্যরা যেখানে ইংরেজদের স্বার্থ রক্ষায় মদত দিচ্ছিল, সেখানে সেই চক্র ভেঙে দেওয়ার সাহস দেখিয়েছিলেন বিরসা মুন্ডা।’’
তুমুল সমালোচনা
ইন্দরের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল এবং কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত তীব্র আক্রমণ করে প্রশ্ন তোলেন— সতীদাহ প্রথা বিলোপ কি তবে ‘ব্রিটিশ দালালি’? তাঁর অভিযোগ, মন্ত্রীর ইতিহাসজ্ঞান অত্যন্ত সীমিত। তৃণমূলের তরফেও বলা হয়, ভারতীয় নবজাগরণের জনককে অপমান করে বিজেপি ইতিহাসকে বিকৃত করছে।
দুঃখপ্রকাশ ও ব্যাখ্যা
বিতর্ক বাড়তেই রবিবার দুপুরে ভিডিওবার্তায় দুঃখপ্রকাশ করেন ইন্দর সিংহ পারমার। জানান, ‘‘বিরসা মুন্ডার জীবন নিয়ে কথা বলতে গিয়ে ভুলবশত রাজা রামমোহন রায় সম্পর্কে ভুল মন্তব্য করেছি। তার জন্য গভীরভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।’’
তিনি আরও বলেন, রামমোহন রায় ছিলেন ‘বিশিষ্ট সমাজ সংস্কারক’, এবং তাঁর প্রতি যথেষ্ট সম্মান রয়েছে তাঁর।
प्रसिद्ध समाज सुधारक श्री राजा राम मोहन राय जी ने अपने काल में समाज सुधार का बहुत काम किया है।
उनके लिए त्रुटिवश निकले शब्दों पर, मुझे दुःख है।
मैं प्रायश्चित करता हूँ.. pic.twitter.com/HlKhNP80cN
— इन्दरसिंह परमार (@Indersinghsjp) November 16, 2025
রামমোহন রায়ের অবদান
সারা বিশ্বে পরিচিত সমাজ ও ধর্মীয় সংস্কারক রাজা রামমোহন রায় আধুনিক ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ। সতীদাহ প্রথা নির্মূল থেকে নারীশিক্ষার প্রসার— ভারতীয় সমাজ সংস্কারে তাঁর অবদান অনস্বীকার্য।


