টোকিও অলিম্পিকে সাফল্যের পুরস্কার, অতিরিক্ত পুলিশ সুপার পদে নিযুক্ত মীরাবাঈ চানু
ইম্ফল: টোকিও অলিম্পিকে রুপোজয়ী মীরাবাঈ চানুকে (Mirabai Chanu) অতিরিক্ত পুলিশ সুপার (Additional Superintendent of Police) হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্য সরকার চানুকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) পদে নিয়োগ করল। এছাড়া টোকিও অলিম্পিকে পদক জেতার জন্য চানুকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
জানা গেছে, মঙ্গলবার থেকে নতুন এই পদে বহাল হবেন চানু। মীরাবাঈ চানুর নেমপ্লেটের নীচে লেখা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া)। নম্বর নম্বর ২০২। রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী আরও জানান, অলিম্পিয়ান জুডোকা লিকমাম্বাম সুশীলা দেবীকে কনস্টেবল পদ থেকে উন্নীত করে সাব-ইন্সপেক্টর করা হয়েছে। এছাড়া মণিপুর থেকে যাঁরা অলিম্পিকে যোগ দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ২৫ লাখ টাকা করে পুরস্কৃত করা হবে। রাজ্য সরকার শীঘ্রই একটি বিশ্বমানের ওয়েটলিফটিং অ্যাকাডেমি তৈরি করবে।
এদিন বীরেন সিং চানুকে বলেন, তোমাকে আর রেলস্টেশনে টিকিট পরীক্ষা করতে হবে না। তোমাকে এক কোটি টাকা দেওয়া হল। এছাড়া তোমাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মণিপুরের উদ্দেশে রওনা দেন।
সোমবার বিকাল সাড়ে ৪ টে নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছন চানু। বিমানবন্দরে তাঁকে ‘ভারত মাতা কী জয়’ ধ্বনিতে জানায় উপস্থিত জনতা। বিশেষ মণিপুরী শাল তুলে দেওয়া হয় তাঁর হাতে।
সোমবার সন্ধ্যায় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেন চানু। বর্তমানে রেলের টিকিট পরীক্ষক পদে আছেন চানু। সোমবার সন্ধ্যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দেখা করেন চানু। চানুর পদোন্নতির পাশাপাশি ২ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন রেলমন্ত্রী। তবে রেলে উচ্চপদে চাকরি নাকি মণিপুর পুলিশের অতিরিক্ত সুপার পদে? কোনটিকে বেছে নেবেন চানু সেটাই দেখার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

