বিমানের শৌচালয়ে সুখ টান, আধপোড়া বিড়ি-সহ গ্রেফতার নদিয়ার যুবক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে বিমানের মধ্যে ধূমপান করার অভিযোগে গ্রেপ্তার হলেন নদিয়ার বাসিন্দা অশোক বিশ্বাস। গত বৃহস্পতিবার সুরাট বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানের মধ্যে হঠাৎ বিড়ির গন্ধ ছড়িয়ে পড়তেই বিমানকর্মীদের তৎপরতায় তাঁকে আটক করা হয়। শৌচালয় থেকে আধপোড়া বিড়ি ও দেশলাই উদ্ধার করা হয়েছে।
কি ঘটেছিল সেদিন?
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সেদিন বিকেলে সুরাট থেকে জয়পুর হয়ে কলকাতাগামী বিমানে উঠেছিলেন অশোক। বিমানের নির্ধারিত ছাড়ার সময় ছিল বিকেল ৪টে ৩৫ মিনিট। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান ছাড়তে দেরি হয়। সেই সময় বিড়ির নেশায় অস্থির হয়ে পড়েন অভিযুক্ত যুবক। তিনি শৌচালয়ে ঢুকে বিড়ি ধরান। কিছুক্ষণ পর বিমানের মধ্যে বিড়ির গন্ধ ছড়িয়ে পড়লে বিমানকর্মীরা বিষয়টি বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ পাইলটকে জানান। এরপর নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হলে অশোককে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তের পরিচয়
জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী নদিয়ার বাসিন্দা অশোক বিশ্বাস গত ১৫ বছর ধরে গুজরাটের নভসরিতে বসবাস করছেন। তিনি সেখানে একটি ওষুধের দোকানে কর্মরত। এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতায় ফিরছিলেন। কিন্তু বিমানবন্দরের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে তিনি বিড়ি ও দেশলাই নিয়ে বিমানে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ ও শাস্তি
এই ঘটনার পর অশোক বিশ্বাসের বিরুদ্ধে বিমানবিধি লঙ্ঘন, যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করা এবং অন্য যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


