তৃণমূলে দেবতা মমতা, আমি চোর হতে পারি, কিন্তু দলনেত্রী চোর নন: শোভনদেব চট্টোপাধ্যায়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। এর মধ্যে এবার বাম আমলের নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস। একের পর তথ্য সামনে আসছে। উঠে আসছে চিরকুট সুপারিশে চাকরি প্রসঙ্গও। এর মধ্যেই এবার মুখ খুললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনশিট দিলেন তিনি।
তিনি বলেন, ‘বাম আমলে পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। পর্যাপ্ত নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে অবৈধভাবে তাদের নিয়োগ হয়। আমার কাছে তথ্য-প্রমাণ আছে।’
এরপরেই শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘সমাজের মধ্যে ভালো, খারাপ, সৎ, অসৎ দুই’ই রয়েছে। আমাদের দলেও কিছু খারাপ লোক আছে। তবে মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা চোর হয় না। অপবিত্রও হয়ে যায় না। তৃণমূল কংগ্রেসের মন্দিরে দেবতা যিনি তাঁকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চোর হতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন।’
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, একের পর এক দুর্নীতিতে বর্তমানে অনেকটাই কোণঠাসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর পঞ্চায়েত ভোটের আগে দলের ভাবমূর্তি ফেরাতে শোভনদেব চট্টোপাধ্যায় এই মন্তব্য করলেন বলেই মনে করছেন তারা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
