Sunday, September 13, 2026
আন্তর্জাতিক

রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ কংগ্রেসের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ দেখালো কংগ্রেস।

কংগ্রেসের লন্ডন শাখা এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’, ‘অসাংবিধানিক’ এবং ‘অসংসদীয়’ বলে উল্লেখ করেছে। লন্ডন পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ দেখায় কর্মীরা। তাদের তরফে অভিযোগ, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পুরো প্রক্রিয়াটাই অগণতান্ত্রিক। বিষয়টিকে ‘অগণতান্ত্রিক’, ‘অসাংবিধানিক’ এবং ‘অসংসদীয়’ বলে অ্যাখা দেন তারা।

প্রায় ৬০ জন জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। কংগ্রেসের লন্ডন শাখার সেক্রেটারি আসরা আনজুম বলেন, “আমরা ভারতীয় প্রবাসী। কংগ্রেস নেতা সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং অসংসদীয়। ভারতে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং রাহুল গান্ধীকে সংসদে তার বক্তব্য রাখার অনুমতি দেওয়া উচিত।”

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করছেন তাদেরই পদবী মোদী। নীরব মোদী মোটা অঙ্কের টাকা লুঠ করে বিদেশে পালিয়েছেন। আর যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনই একই রাজ্যের।”

মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুরাট জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।