Dilip Ghosh: ঝাড়গ্রামে তৃণমূলের যুব নেতা-সহ ৫০০ জন যোগ দিলেন বিজেপিতে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঝাড়গ্রামে বিজেপির সংগঠন আরও মজবুত করার লক্ষ্যেই সোমবার বড়সড় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। গোপীবল্লভপুরের রান্টুয়া বাজারে নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেই সভা থেকেই যুব তৃণমূল নেতা-সহ প্রায় ৫০০ জন কর্মী বিজেপিতে যোগ দেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূলের তিনজন প্রাক্তন কর্মাধ্যক্ষও দলবদল করেন। দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁরা। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চলবে এবং আরও অনেকেই বিজেপিতে যোগ দেবেন।’
অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শক্তিপদ বারিক দাবি করেন, “তৃণমূলে ভালো মানুষের কোনও জায়গা নেই। তাই আমরা বিজেপিতে এসেছি।”
সভা থেকে দিলীপ হুঙ্কার দিয়েছেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “এতদিন অনেক মার খেয়েছি, পিঠে দাগ রয়েছে। শোধ নিতে হবে। ভোট শান্তিপূর্ণ করতে বাঁশ কেটে রাখো—সোজা নয়, ট্যারা-বাঁকা বাঁশ কেটে রাখো, যাতে গিয়ে হাড়ে লাগে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এদিন নির্বাচন প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ‘SIR প্রক্রিয়ায় বহু অবৈধ ভোটারের নাম বাদ পড়ছে। তাঁর কথায়, “এসআইআরে দেখা গিয়েছে, কারও ১০০ পুত্র, কারও ২০০ পুত্র এগুলো বাদ যাচ্ছে।”


