Thursday, April 30, 2026
দেশ

‘স্বরা ভাস্করের বিয়ে অবৈধ! ওকে ইসলাম কবুল করতে হবে’, হুমকি জামাত প্রধানের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে তাদের এই বিয়ে ‘অইসলামিক’ বলে দাবি করলেন সর্বভারতীয় মুসলিম জামাত প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি।

মুসলিম জামাতের তরফে তিনি বলেছেন, “স্বরাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তবেই এই বিয়ে বৈধতা পাবে। নতুবা এই বিয়ে অবৈধ।”

পাশাপাশি, স্বরার হিন্দুত্ব ও মূর্তিপুজোকেও তুলোধনা করে মৌলানা শাহবুদ্দিন রিজবি বলেন, “মূর্তিপুজো করলে কোনও হিন্দু নারী মুসলিম পুরুষকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই বিয়ের কোনও জায়গা নেই।”

মৌলনার এহেন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে মন্তব্যটির সমালোচনা করেছেন। বিখ্যাত আরজে সায়েমা ওয়াজিদি টুইটারে লিখেছেন, “আপনার কুরআনের উদ্ধৃতিটি সঠিক ছিল কিন্তু আপনি একটি অযাচিত উপদেশ দিয়েছেন। স্বরা বা ফাহাদ কি আপনাকে জিজ্ঞাসা করেছেন? আমাদের চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। ‘নিয়ত’ হল ইসলামের একটি স্তম্ভ এবং আপনাকে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। এটা ইসলামের অবমাননা। আমি আশা করি আপনি এটা বুঝতে পারবেন।”

সায়েমা ওয়াজিদি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “আপনি কে? অন্যদের বিচার করার জন্য আল্লাহ কর্তৃক মনোনীত কেউ? আমরা আল্লাহর কাছে এবং একমাত্র আল্লাহর কাছে জবাবদিহি করি। প্রত্যেকের কাছে তার নিজের। যতক্ষণ না কেউ আপনার মতামত জানতে চায়, নিজের কাছে থাকুন। একজন ভালো মুসলিম হন।”