Friday, March 13, 2026
Latestদেশ

World’s strongest Passports in 2026: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট ইনডেক্সে ৮০ নম্বরে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করল ভারত। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, গত বছরের তুলনায় একলাফে ৫ ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। এই সূচক অনুযায়ী, বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৫টি দেশে বিনা ভিসায় অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারবেন।

সম্প্রতি নতুন করে প্রকাশিত এই পাসপোর্ট সূচকটি বিশ্বের কোন দেশের পাসপোর্ট ব্যবহার করে কতগুলি দেশে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতে তৈরি করা হয়। ভিসা সংক্রান্ত নীতিতে কোনও পরিবর্তন হলে নিয়মিতভাবে এই সূচক আপডেট করা হয়। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চল বিচার করে এই তালিকা প্রকাশ করে আসছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।

নতুন তালিকায় ভারতের অবস্থান আগের তুলনায় স্পষ্টভাবে উন্নত হয়েছে। গতবার এই সূচকে ভারতের স্থান ছিল ৮৫, তার আগের বছর ছিল ৮৭। অর্থাৎ পরপর দু’বছর ধরেই ভারতীয় পাসপোর্টের অবস্থানে ধীরে হলেও উন্নতি দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক স্তরে স্বীকৃত এই সূচককে অনেকেই কোনও দেশের কূটনৈতিক ও ভিসা-নীতির প্রতিফলন হিসেবে দেখেন। অতীতে এই পাসপোর্ট সূচক নিয়ে কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে পড়তে হয়েছে এবং বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে এবারের তালিকায় উন্নতির ফলে সেই সমালোচনার জবাব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নয়া তালিকায় দেখা যাচ্ছে, আগের মতোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—দু’দেশের পাসপোর্টধারীরাই ১৮৮টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। তবে শক্তিশালী পাসপোর্টের প্রথম পাঁচে নেই যুক্তরাষ্ট্র।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ এই তালিকায় ভারতের উন্নতি আন্তর্জাতিক স্তরে দেশের অবস্থানকে নতুন করে তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে।