‘রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ আদালতই ঠিক করবে’, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মালদহের মোথাবাড়ি-কাণ্ডে বিচার বিভাগীয় আধিকারিকদের উপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত ৭ জন বিচার বিভাগীয় আধিকারিককে ঘিরে ধরা ও হেনস্তার ঘটনায় আদালত অসন্তোষ প্রকাশ করে জানায়, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ আদালতই ঠিক করবে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টভাবে সতর্ক করেন যে, প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে। আদালতে প্রশ্ন ওঠে, বিচারকদের বারবার সাহায্যের আবেদন সত্ত্বেও কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব দুঃখপ্রকাশ করলেও আদালত জানিয়ে দেয়, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, কর্তব্য পালনে আরও সতর্কতা জরুরি।
এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এ.ভি. রাজু জানান, ঘটনায় মোট ১২টি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে তিনটি বিচারকদের অবরুদ্ধ করে রাখার অভিযোগে এবং বাকি নয়টি এলাকা অবরোধের ঘটনায়।
এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে পাঁচজন মূল অভিযুক্ত। পাশাপাশি ৩০৯ জন সন্দেহভাজনের তালিকায় রয়েছে। ঘটনার পূর্ণ চিত্র জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও আদালতকে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, গ্রেফতার হওয়া দুই মূল চক্রীকে অবিলম্বে NIA-র হেফাজতে তুলে দিতে হবে। পাশাপাশি ১৩ এপ্রিলের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে কলকাতার NIA বিশেষ আদালতে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক গাফিলতি ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাপ বাড়াতে পারে।


