Friday, April 24, 2026
Latestরাজ্য​

Leander Paes: কলকাতা আমার মাতৃভূমি, বাংলাকে বৃদ্ধাশ্রমে পরিণত হতে দেব না: লিয়েন্ডার পেজ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজনীতির কোর্টে তৃণমূল ছেড়ে বিজেপিতে লিয়েন্ডার পেজ (Leander Paes)। বিধানসভা ভোটের আগে (West Bengal Assembly Election 2026) তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলার যুবসমাজকে শক্তিশালী করাই তাঁর মূল লক্ষ্য।

দিল্লিতে বিজেপিতে যোগদানের পর কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠকে আবেগঘন সুরে কথা বলেন পেজ। নিজেকে প্রথমে ‘বাঙালি’ হিসেবেই পরিচয় দেন তিনি। তাঁর কথায়, “কলকাতা আমার মাতৃভূমি। এখানেই জন্ম, বড় হয়ে ওঠা। এই শহরের সঙ্গেই আমার শিকড় জড়িয়ে। পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত হতে দেব না।” তিনি জানান, রাজ্যের উন্নয়নে সরাসরি ভূমিকা নিতে চান।

সাংবাদিক বৈঠকে অতীতের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমানের সমস্যার কথাও তুলে ধরেন প্রাক্তন ডেভিস কাপ তারকা। কলকাতার ময়দান থেকে তাঁর খেলাধুলার শুরু হলেও, আজও রাজ্যে পর্যাপ্ত ক্রীড়া পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পেজের মতে, ফুটবল ও ক্রিকেটে কিছু সুযোগ থাকলেও টেনিস-সহ অন্যান্য খেলায় পরিকাঠামো অত্যন্ত সীমিত। বিশেষ করে ইনডোর টেনিস কোর্টের অভাব, আলাদা টেনিস স্টেডিয়ামের ঘাটতি। এসব বিষয় সামনে এনে তিনি বলেন, গরম বা বর্ষার সময়ে খেলোয়াড়দের অনুশীলন মারাত্মকভাবে ব্যাহত হয়। ভবিষ্যতে এই পরিস্থিতির বদল ঘটানোর প্রতিশ্রুতিও দেন বিজেপির এই নবাগত নেতা।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে গোয়া বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন পেজ। তার আগে ২০১৯ লোকসভা নির্বাচনের সময় রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গেও তাঁর বৈঠক রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল।

তৃণমূলে যোগ দেওয়ার সময় তাঁকে প্রার্থী করা হতে পারে বলে আলোচনা হলেও, শেষ পর্যন্ত তা হয়নি। তবে ২০২৬-এর নির্বাচনের আগে দলবদল করে বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এখনও পর্যন্ত স্পষ্ট নয়, আসন্ন নির্বাচনে পেজ প্রার্থী হবেন কিনা। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ক্রীড়া প্রশাসনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বিশেষ করে ভবিষ্যতে ভারতের অলিম্পিক আয়োজনের লক্ষ্য। যেমন ২০৩৬ অলিম্পিককে সামনে রেখে যে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা চলছে, সেখানে তাঁর অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে।

টেনিস কোর্ট থেকে রাজনীতির ময়দানে এই নতুন ইনিংসে লিয়েন্ডার পেজ (Leander Paes) কতটা সফল হবেন, তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, বাংলার ক্রীড়া ও যুবসমাজকে কেন্দ্র করে নিজের রাজনৈতিক লড়াই গড়ে তুলতে চান তিনি। তাঁর এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।