Monday, December 15, 2025
Latestদেশ

কেরলের প্রথম মহিলা IPS শ্রীলেখা এবার পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেরলের প্রথম IPS অফিসার আর শ্রীলেখা (Raid Sreelekha)। প্রাক্তন ডি-জিপি শ্রীলেখা এবার রাজনীতির ময়দানে। অবসরের ৫ বছর পর প্রথমবার ভোটের লড়াইয়ে শ্রীলেখা। তিরুবনন্তপুরম কর্পোরেশনের সাস্তামঙ্গলম ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।

কেরলের প্রশাসনিক দুনিয়ায় ‘রেড শ্রীলেখা’ নামে পরিচিত প্রাক্তন ডি-জিপি আর শ্রীলেখা। ১৯৮৭ ব্যাচের এই আইপিএস অফিসার কেরলের ইতিহাসে প্রথম মহিলা IPS, এবং ২০১৭ সালে প্রথম মহিলা ডি-জিপি হন। পরিবহণ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় রাস্তায় দুর্ঘটনা কমানো থেকে রাজস্ব বৃদ্ধি— বিভিন্ন ক্ষেত্রে তাঁর উদ্যোগ বিশেষভাবে স্বীকৃতি পায়। সিবিআইয়ের ডেপুটেশনে একাধিক উচ্চপ্রোফাইল অভিযানে যুক্ত থাকার জন্যই সহকর্মীরা তাঁকে ডাকতেন ‘রেড শ্রীলেখা’ নামে।

২০২০ সালে অবসর নেওয়ার পর গত বছরের অক্টোবরে শ্রীলেখা আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। দলীয় রাজনীতির প্রথম পরীক্ষায় তিনি স্থানীয় সমস্যা, নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকারের কথা বলছেন। তাঁর দাবি, “ভারতের কোথাও অবসরপ্রাপ্ত কোনো IPS-কে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হয়নি। বিজেপি আমাকে তৃণমূল স্তরে কাজের সুযোগ করে দিয়েছে। এটা ঐতিহাসিক।”

কেরলে এখনও ভিত নড়বড়ে বিজেপির। ত্রিশূর থেকে ২০২৪ লোকসভা ভোটে প্রথম জয় পাওয়ার পর তারা আরও সংগঠন বাড়াতে চাইছে। পঞ্চায়েত ভোটে কমপক্ষে ২৫ শতাংশ ভোট শেয়ার অর্জনের লক্ষ্য নিয়েছে দল। স্থানীয় নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই নির্বাচনের উপর নজর রাখছেন।

তবে শ্রীলেখাকে প্রার্থী করা নিয়ে খুব একটা চিন্তিত নয় সিপিএম। দলের রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন বলেন, “আইপিএস হোন বা ডি-জিপি— এতে কিছু যায় আসে না। আমাদের প্রার্থীরাই বহুদিন ধরে মানুষের সঙ্গে মাঠে কাজ করছেন।”

প্রশাসনিক অভিজ্ঞতা, কঠোর ইমেজ এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যক্ষ সমর্থন— এই তিন শক্তিকে সামনে রেখে শ্রীলেখার রাজনৈতিক অভিষেক কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে কেরল।