Monday, December 15, 2025
Latestআন্তর্জাতিক

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাংলাদেশের আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সোমবার দুপুর সাড়ে ১২টায় এজলাসে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার বিশদ রায় পাঠ করতে শুরু করেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। রায়ে ছয়টি পৃথক অংশ রয়েছে।

দুটি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ মিলেছে। পাঁচটি অভিযোগের মধ্যে দুটিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় অন্য দুই আসামি—প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের অবস্থান

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। দু’জনই ভারতে অবস্থান করছেন। মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ এনে বিচারকাজ পরিচালিত হয়।

যে পাঁচটি অভিযোগে বিচার

১. উসকানিমূলক বক্তব্য প্রদান

২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ

৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা

৪. ঢাকার চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা

৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

রায়ে উঠে আসা প্রমাণ ও বিবরণ

রায় পাঠের সময় ট্রাইব্যুনাল ভিডিও, অডিওসহ বিপুল পরিমাণ উপাত্ত যাচাইয়ের বিবরণ তুলে ধরে।

আন্দোলন চলাকালে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টের অংশ আদালতে পড়া হয়।

ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া এবং রংপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালানোর ঘটনার ভিডিও উপস্থাপন করা হয়।

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যও রায়ের যুক্তিতে অন্তর্ভুক্ত হয়।

গণ–অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সঙ্গে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন ব্যক্তির টেলিফোন আলাপও আদালতে শোনানো হয়।

সরাসরি সম্প্রচারে রায় ঘোষণা

বাংলাদেশ টেলিভিশন থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গণ–অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি প্রথম মামলার রায়।

ঘটনার পটভূমি

জুলাই মাসের গণ–অভ্যুত্থানের সময় কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে গুলি ও আগুনে বহু মানুষের মৃত্যু ঘটে। এই ঘটনাগুলোর দায়ে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।