Monday, November 2, 2026
Latestবিনোদন

‘ইলন মাস্ক এখন উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছেন, ভারত এটা ৫,০০০ বছর আগেই করেছিল’, মন্তব্য রণবীর কাপুরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পরিচালক নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এ রামের চরিত্রে অভিনয় করা অভিনেতা রণবীর কাপুরের একটি মন্তব্য ঘিরে নেটমাধ্যমে জোরদার আলোচনা চলছে। টেসলার নতুন রোডস্টার গাড়ির সঙ্গে রাবণের পুষ্পক রথের তুলনা করেছেন তিনি।

রণবীর বলেন, শিল্পপতি ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক এবং তাঁর দল সম্প্রতি একটি ‘উড়ন্ত গাড়ি’ তৈরি করেছেন। কিন্তু ভারত ৫,০০০ বছর আগেই এমন প্রযুক্তির কথা জানত। এ প্রসঙ্গে তিনি রামায়ণে বর্ণিত রাবণের পুষ্পক বিমানের কথা উল্লেখ করেন।

টেসলার উড়ন্ত গাড়ির সঙ্গে পুষ্পক বিমানের তুলনা

সাক্ষাৎকারে সঞ্চালক সুমা কানাকালা উল্লেখ করেন, রামায়ণে বর্ণিত কিছু অস্ত্র আধুনিক যুগের আবিষ্কারের সঙ্গে পাল্লা দিতে পারে। পরিচালক নীতেশ তিওয়ারিও জানান, ছবিতে এই ধরনের বিষয়গুলিকে নতুনভাবে তুলে ধরার অভিজ্ঞতা বেশ আকর্ষণীয়।

এরপর রণবীর বলেন, “ইলন মাস্ক সম্প্রতি একটি উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছেন। আমার মনে হয়, ভারত ৫,০০০ বছর আগেই তা করেছিল।”

রণবীরের এই মন্তব্যে হাততালি দেন সঞ্চালক সুমা এবং ছবিতে শূর্পণখার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রাকুল প্রীত সিং।

পুষ্পক রথ প্রসঙ্গে পরিচালক নীতেশ তিওয়ারি জানান, এর চূড়ান্ত নকশা তৈরি করতে তাঁদের প্রায় দু’বছর সময় লেগেছে। এই সময়ের মধ্যে নকশায় একাধিক পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, রাবণ ও জটায়ুর লড়াইয়ের দৃশ্য তৈরি করতেও দীর্ঘ সময় লেগেছে। প্রথমদিকে পুষ্পক বিমানকে একরকম দেখতে কল্পনা করে সেই অনুযায়ী লড়াইয়ের দৃশ্য সাজানো হয়েছিল। কিন্তু পরে বিমানের নকশায় পরিবর্তন আসায় আগের দৃশ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রাখতে একাধিকবার নতুন করে কাজ করতে হয়েছে।

ইলন মাস্কের ‘উড়ন্ত’ টেসলা রোডস্টার কী?

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে ইলন মাস্ক টেসলার নতুন মডেল রোডস্টার সম্পর্কে ঘোষণা করেন। তাঁর দাবি, এটি হতে চলেছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি। মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি কার্যত রকেটের মতো উড়তে পারবে বলেও জানান তিনি।

টেক্সাসে স্পেসএক্সের রকেট তৈরির ও পরীক্ষার কেন্দ্রে টেসলা রোডস্টার ২ প্রদর্শন করা হয়। মাস্ক জানান, দু’জন যাত্রী বহনে সক্ষম এই স্পোর্টস কারটি এক সেকেন্ডেরও কম সময়ে ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছতে পারবে।

রকেটের মতো থ্রাস্টারযুক্ত নতুন নকশার এই রোডস্টার ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার কথা বলে জানা গিয়েছে।