Monday, November 2, 2026
Latestদেশ

২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টিতে বড় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি (AAP)। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন আপের তিন বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা, চেতন সিং জৌরামাজরা এবং কুনওয়ার বিজয় প্রতাপ সিং। বিজেপিতে যোগ দেওয়ার আগে তাঁদের ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান দিতেও দেখা যায়।

রবিবার হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজরা আপ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে, সোমবার সকালে পদত্যাগ করেন কুনওয়ার বিজয় প্রতাপ সিং।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য আপ তাদের প্রথম ৪০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করার পরেই এই পদত্যাগের ঘটনা ঘটে। তবে পাঠানমাজরার বিধানসভা কেন্দ্র সানৌর এবং জৌরামাজারার কেন্দ্র সামানার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেনি দল।

সানৌরের বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে অবিলম্বে দল ছাড়ার কথা জানান। প্রাক্তন মন্ত্রী তথা সামানার বিধায়ক চেতন সিং জৌরামাজারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন।

দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে পাঠানমাজরা জানান, বিজেপি একটি সর্বভারতীয় দল। পাঞ্জাবে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসতে পারে। পাশাপাশি মাদক নির্মূলের বিষয়ে বিজেপির প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে ঘোষণা করেছিলেন।

আপ ছাড়ার পর দুই নেতা দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হন। তাঁদের অভিযোগ, দিল্লির নেতারা, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী বিভব কুমার পাঞ্জাবের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন। রাজ্যে দুর্নীতি, অপরাধ বৃদ্ধি, ছিনতাই, তোলাবাজি, গ্যাং হিংসা এবং খুনের মতো ঘটনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তাঁরা। পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন দুই নেতা।

এদিকে, সোমবার আপের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে ওই দুই বিধায়কের বিধানসভা সদস্যপদ বাতিলের আবেদন জানানো হয়। দল জানিয়েছে, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁদের আগেই সাসপেন্ড করা হয়েছিল। সাসপেনশনের পরেই তাঁরা দল থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে, কুনওয়ার বিজয় প্রতাপ সিং পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সন্ধওয়ানের কাছে পাঠানো পদত্যাগপত্রের প্রতিলিপি ফেসবুকে প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, তিনি পাঞ্জাব বিধানসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তাঁকে যে ভালোবাসা ও সম্মান দেওয়া হয়েছে, তার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

উল্লেখ্য, কুনওয়ার বিজয় প্রতাপ সিং তাঁর ভিন্নমত ও দলের নেতৃত্বের সমালোচনার জন্য পরিচিত। গত জুন মাসে তাঁকে পাঁচ বছরের জন্য আপ থেকে সাসপেন্ড করা হয়েছিল। প্রাক্তন আইপিএস আধিকারিক কুনওয়ার বিজয় প্রতাপ সিং ২০১৫ সালে পাঞ্জাবে ধর্মগ্রন্থ অবমাননার ঘটনার পর পুলিশি গুলিচালনায় দুই শিখ বিক্ষোভকারীর মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (SIT) নেতৃত্ব দিয়েছিলেন।

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, পাঞ্জাবকে মাদক, তোলাবাজি, গ্যাং সংস্কৃতি এবং দুর্নীতির কবল থেকে মুক্ত করে আবারও একটি উন্নত ও অগ্রণী রাজ্যে পরিণত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন এই আইপিএস আধিকারিক।

আগামী দিনে স্বচ্ছ রাজনীতি এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কৌশল নির্ধারণ করাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমার একমাত্র লক্ষ্য পাঞ্জাবের স্বার্থ। এর বাইরে আমার কোনও ব্যক্তিগত স্বার্থ নেই।”