আইনস্টাইনের নিজের হাতে লেখা E=mc2 সমীকরণ, নিলামে ৮ কোটি টাকায় বিক্রি হল
বোস্টন: অ্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি নিলামে ১.২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হল। ওই চিঠিতে তিনি তাঁর যুগান্তকারী E=mc2 সূত্রের ব্যাখ্যা করেছিলেন। শুক্রবার বোস্টনে নিলামে চিঠিটি ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ কোটি ৭২ লাখ টাকায় বিক্রি হল।
অ্যালবার্ট আইনস্টাইনের এই বিখ্যাত সমীকরণ থেকেই রকেট সায়েন্সের মূল কাঠামো তৈরি। পদার্থবিদ্যার দিগন্ত খুলে দিয়েছিল এই সমীকরণ। আইনস্টাইনের নিজের হাতে লেখা সেই চিঠিটি বিক্রি হল। তবে নিলাম সংস্থা জানিয়েছে, প্রত্যাশার থেকে বেশি দামে বিক্রি হয়েছে।
এই চিঠিতে আইনস্টাইন E=mc2 সমীকরণ ব্যাখা করেছিলেন। বিজ্ঞানী নিজেই উল্লেখ করেছিলেন, এরকম আরও তিনটি চিঠি রয়েছে যেখানে এই বিখ্যাত সমীকরণটির ব্যাখা করা হয়েছে। আগের তিনটি চিঠির খোঁজ মিললেও এই চতুর্থ চিঠির সন্ধান মিললো নিলামের বাজারে। চতুর্থ চিঠিটি হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি বলে জানা গিয়েছে।
চতুর্থ চিঠিটি এতদিন একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। সম্প্রতি এটি প্রচারে আসে। নিলাম সংস্থা আন্দাজ করেছিল এটির দাম ৪ লাখ মার্কিন ডলার হতে পারে বলে। কিন্তু, তার প্রায় তিনগুণ বেশি দামে বিক্রি হল চিঠিটি।
জানা গেছে, ১৯৪৬ সালের ২৬ অক্টোবরে আইনস্টাইন এই চিঠিটি পোলিশ-মার্কিন পদার্থবিজ্ঞানী লুডউইক সিলবারস্টেইনকে উদ্দেশ্য করে লিখেছিলেন। সিলবারস্টেইন আইনস্টাইনের বেশ কিছু তত্ত্বের সমলোচনা করেছিলেন। তাই আইনস্টাইন সিলবারস্টেইনকে চিঠি লিখে তাঁর সূত্রের ব্যাখা করেছিলেন এই চিঠিতে। দীর্ঘদিন চিঠিটি সিলবারস্টেইন পরিবারেই সংরক্ষিত ছিল। পরে কোনও উত্তরাধিকারী চিঠিটি কোনও সংগ্রাহকের কাছে বিক্রি করে দেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

