‘এখনই ব্যবস্থা গ্রহণ করুন’, বাংলায় হিংসা নিয়ে ১৪৬ বিশিষ্ট জনের চিঠি রাষ্ট্রপতির কাছে
কলকাতা: একুশের বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা অব্যাহত। তৃণমূল এবং বিজেপির মধ্যে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় উদ্বিগ্ন বিশিষ্টজনরা। সোমবার বাংলায় হিংসার ঘটনার প্রতিবাদে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে চিঠি লিখেছেন ১৪৬ বিশিষ্টজন।
উদ্বিগ্ন ১৪৬ বিশিষ্টজন চিঠিতে বলেছেন, গত ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে হিংসার ঘটনা অব্যাহত। বাংলায় হিংসা পরিস্থিতি বন্ধ করতে এখনই ব্যবস্থা গ্রহণ করুন। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে এমনই আর্জি জানালেন বিশিষ্টজনরা।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘১৫ হাজার হিংসার ঘটনা ঘটেছে বাংলায়, ‘হাড় হিম’ করা পরিস্থিতি। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এবার ১৪৬ বিশিষ্টজনের চিঠি রাজ্যের শাসক দলকে আরও চাপ রাখবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের শাসক দলের প্রতি অভিযোগ, ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা কারণে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অন্তত ৩০০ থেকে ৪০০ পরিবারের মানুষ। অসমের হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এমনটাই দাবি করেছিলেন।
এদিকে, রাজ্য সরকার দাবি করেছে, যখন হিংসার ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার পর থেকে অশান্তির ঘটনা কমে গিয়েছে। যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

