Monday, November 23, 2026
Latestদেশ

চিনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান দ্রুত কমছে: এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়ায় নিজেদের শক্তিশালী অবস্থান আরও সুসংহত করেছে ভারত। ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্স (Asia Power Index) অনুযায়ী, তৃতীয় সর্বাধিক ক্ষমতাশালী দেশ হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছে ভারত। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এশিয়ার আঞ্চলিক নেতাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক কার্যকর নেতা হিসেবে মূল্যায়ন করা হয়েছে। প্রথম স্থানে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। লোয়ি ইনস্টিটিউটের (Lowy Institute) প্রকাশিত এই সূচকে ভারতের ক্ষমতার স্কোর ০.৫ পয়েন্ট বেড়ে ৪০.৫ হয়েছে। ২০১৮ সালে এই সূচক চালু হওয়ার পর চিনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান বর্তমানে সবচেয়ে কম।

সূচক অনুযায়ী, ১০০-র মধ্যে ৭৮.৯ পয়েন্ট নিয়ে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে থাকা চিনের স্কোর ৭৩.৬। অর্থাৎ, দুই দেশের মধ্যে ব্যবধান মাত্র ৫.৩ পয়েন্ট, যা ২০১৮ সালের পর সর্বনিম্ন। সামরিক সক্ষমতার ক্ষেত্রেও আমেরিকা ও চিনের মধ্যে ব্যবধান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

লোয়ি ইনস্টিটিউটের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে এশিয়ায় ভারতের প্রভাব ও ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে ভারতের প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ফলেও ভারত বিশেষ সুবিধা পেয়েছে। এমন কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম, যাদের অর্থনৈতিক সম্পর্ক চলতি বছরে দুর্বল হয়নি।

২০২৬ সালের সূচকে সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে ভারতের সর্বাধিক অগ্রগতি হয়েছে। এই বিভাগে ভারতের স্কোর বেড়েছে ২.৩ পয়েন্ট। প্রতিরক্ষা নেটওয়ার্কে ২.১ পয়েন্ট, ভবিষ্যৎ সম্পদে ১.২ পয়েন্ট এবং সামরিক সক্ষমতায় ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে ভারতের স্কোর ০.৭ পয়েন্ট কমেছে। স্থিতিশীলতা, অর্থনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে ভারতের স্কোর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ সূচক অনুযায়ী, ভারতের অর্থনৈতিক সক্ষমতার স্কোর ২৬.৪, সাংস্কৃতিক প্রভাবের স্কোর ৪৩.৮ এবং কূটনৈতিক প্রভাবের স্কোর ৭০.৩।

অন্যদিকে, আমেরিকার কূটনৈতিক প্রভাবের স্কোর ৬ পয়েন্ট কমে ৭৬.৭ হয়েছে। এটি সূচক চালু হওয়ার পর দেশটির সবচেয়ে বড় পতন এবং পরপর চতুর্থ বছরের মতো কূটনৈতিক প্রভাব কমল আমেরিকার। ইরান যুদ্ধ, শাস্তিমূলক শুল্কনীতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর আহ্বানকে এই পতনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬-এ মোট ২৭টি দেশ ও অঞ্চলকে ১৩১টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্সের সঙ্গে যুক্ত হান্টার মারস্টন বলেন, নানা পরিবর্তন ও অস্থিরতা সত্ত্বেও এশিয়ার ক্ষমতার ভারসাম্য এখনও মূলত আমেরিকা ও চিনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। মধ্যম শক্তিধর দেশগুলির কোনও জোট কিংবা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী দেশগুলির পারস্পরিক সমঝোতা এখনও এই দুই শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।