ভুয়ো বাবা-ছেলের পরিচয়ে আধার-প্যান-ভোটার কার্ড; দক্ষিণ ২৪ পরগনায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও দালাল গ্রেফতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবৈধ অনুপ্রবেশ, পরিচয় জালিয়াতি এবং ভারতীয় পরিচয়পত্র সংগ্রহের একটি ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বাংলাদেশি নাগরিক ইমরান হোসেন শরিফ প্রায় আট বছর ধরে ভুয়ো পরিচয়ে ভারতে বসবাস করছিলেন। তাকে সাহায্য করার অভিযোগে পিয়ার আলি মোল্লা নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।
৮ বছর ধরে ভুয়ো পরিচয়ে বসবাসের অভিযোগ
১০ নভেম্বর উস্থি থানার অধীন জেলা গোয়েন্দা শাখার (DIB) দফতরে পাসপোর্ট যাচাইয়ের জন্য হাজির হন ইমরান হোসেন শরিফ। সেই সময়ই তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইমরানের আসল নাম ইমরান হোসেন শরীফ এবং তার আদি নিবাস বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার নিয়ামতপুর গ্রামে। প্রায় ৮ বছর আগে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বিভিন্ন স্থানে কাজ করার পর পশ্চিমবঙ্গের বাসিন্দা পিয়ার আলী মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। এরপর ইমরান জগদীশনগরে চলে যান, পিয়ার আলীকে নিজের বাবা হিসেবে পরিচয় দিয়ে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেন এবং পরে পিয়ারের মেয়েকে বিয়ে করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র সংগ্রহে স্থানীয় সহযোগিতার অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র তৈরি এবং নাগরিকত্ব সংক্রান্ত আইন কার্যকর করার ক্ষেত্রে আরও কঠোর নজরদারির দাবি উঠছে।

