দীপাবলির আগে আমেদাবাদে পুলিশের অভিযান, আটক ৬১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুজরাটের আমেদাবাদে দীপাবলির আগে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ক্রাইম ব্রাঞ্চ। আটক ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, জননিরাপত্তা ও শহরের আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ আরও জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে পরিচয় যাচাই অভিযান এবং আইনি পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছরও আমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ২০০-র বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছিল পুলিশ। ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর চাঁদোলা লেক এলাকায় অভিযান চালিয়ে ২০০-র বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযোগ ছিল, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন।
এছাড়া, গত বছরের অক্টোবর মাসে সোলা এলাকার বিভিন্ন ভাড়া বাড়িতে পরিচয় গোপন করে বসবাস করার অভিযোগে ১৭ জন বাংলাদেশি মহিলাকেও আটক করেছিল পুলিশ।

