Monday, November 2, 2026
Latestরাজ্য​

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো শিক্ষাকর্মীর বিরুদ্ধে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ওই ছাত্রী। এই ঘটনাকে ঘিরে ফের প্রশ্নের মুখে পড়েছে শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তা।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের চারতলায় কয়েকজন ছাত্রছাত্রী বসেছিলেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মী তাদের অন্যত্র সরে যেতে বলেন। এরপর বাকি ছাত্রছাত্রীরা নিচে নেমে গেলেও ওই ছাত্রী আরও উপরের তলায় চলে যান।

ছাত্রীর অভিযোগ, পরবর্তীতে ওই শিক্ষাকর্মী তাকে উপরতলা থেকে নিচে নামিয়ে আনেন। সেই সময়ই তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী।

অভিযোগপত্রে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটির (ICC) কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ওই ছাত্রীকে পুলিশে অভিযোগ দায়ের করা অথবা আইসিসির দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে অভিযোগ জানান।

উপাচার্য জানিয়েছেন, নিয়ম মেনে তদন্ত হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।