প্রচলিত চাকরির পিছনে না ছুটে ই-রিকশা অথবা ট্যাক্সি চালান: উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছয় মাসে ১ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতির অংশ হিসেবে ৩,০০০-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন দিনকয়েক আগেই। তার মধ্যেই এবার যুবকদের চাকরির পিছনে না ছুটে ই-রিকশা চালানোর পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাঠককে এক সমাবেশে বক্তব্য রাখতে দেখা যায়। সেখানে তিনি যুবকদের চাকরির পিছনে না ছুটে ই-রিকশা চালানোর কথা বলেন। ভিডিওতে তাঁর বক্তব্য অনুযায়ী, “চাকরির পিছনে ছুটে সময় নষ্ট করবেন না। চার ঘণ্টা গাড়ি চালান, আর দুপুরটা সন্তানদের সঙ্গে কাটান।”
গত ২৩ সেপ্টেম্বর লখনউয়ে ভারত ট্যাক্সি পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন ডেপুটি মুখ্যমন্ত্রী। যুবকদের জন্য স্বনির্ভরতাকে চাকরির বিকল্প হিসেবে তুলে ধরতেই তিনি এই পরামর্শ দিয়েছিলেন বলে জানা যায়। তাঁর বক্তব্য ছিল, ট্যাক্সি বা ই-রিকশা চালিয়ে উপার্জনের পাশাপাশি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাওয়া যেতে পারে।
তবে পাঠকের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। একাধিক নেটিজেনের অভিযোগ, দেশের যুবকদের সামনে চাকরির পরিবর্তে ই-রিকশা চালানোর মতো পরামর্শ দেওয়া যথাযথ নয়। কেউ কেউ আরও প্রশ্ন তুলেছেন, বহু রাজনৈতিক নেতার সন্তান যেখানে বিদেশে পড়াশোনা করছেন, সেখানে দেশের যুবকদের প্রতিদিনের চ্যালেঞ্জের মুখে এ ধরনের পরামর্শ কতটা যুক্তিযুক্ত।
পাঠকের মন্তব্যের সমালোচনা করে সমাজবাদী পার্টির নেতা পুষ্পেন্দ্র সরোজ এক্সে লেখেন, “আজকের যুবকরাই দেশ চালাবে। আপনার যদি রিকশা চালানোর এত শখ থাকে, তাহলে আমি আপনাকে একটি রিকশা উপহার হিসেবে পাঠিয়ে দেব—মাননীয় ডেপুটি মুখ্যমন্ত্রীজি।”

