Thursday, October 1, 2026
Latestদেশ

‘FCRA বিলের বিরোধিতা করুন’, বিদেশি প্রতিনিধিদের কাছে আবেদন কংগ্রেস সাংসদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কংগ্রেস সাংসদ স্যালেং এ সাংমা প্রস্তাবিত Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026 বা FCRA সংশোধনী বিল, ২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে FCRA রেজিস্ট্রেশন এবং তার নবীকরণ সংক্রান্ত প্রস্তাবিত বিধান নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

তুরায় বক্তব্য রাখতে গিয়ে সাংমা বলেন, প্রস্তাবিত পরিবর্তনগুলি বহু বছর ধরে কাজ করে আসা স্কুল, কলেজ, অনাথ আশ্রম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন দাতব্য সংস্থার উপর প্রভাব ফেলতে পারে। তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, কোরিয়া, ইংল্যান্ড এবং আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদেরকে ভারত সরকারের কাছে এই বিলের বিরুদ্ধে আপিল করার আবেদন জানিয়েছেন। 

সাংমার কথায়, “এই বিল স্কুল, কলেজ, অনাথ আশ্রম, কিছু ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়ে আসা প্রতিষ্ঠানগুলির জন্য হুমকি তৈরি করছে।”

তিনি জানান, তাঁর মূল উদ্বেগ FCRA লাইসেন্সের নবীকরণ সংক্রান্ত বিধান নিয়ে। সাংমা বলেন, “কোনও সংস্থা যদি FCRA লাইসেন্স নবীকরণ করতে ব্যর্থ হয়, অথবা নবীকরণে দেরি হয়, তাহলে ওই সংস্থা স্বয়ংক্রিয়ভাবে তার অধিকার ও সুরক্ষা হারাবে।”

তাঁর দাবি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কোনও প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাঘাত ঘটলে তার বৃহত্তর প্রভাব পড়তে পারে।

সাংসদ বলেন, “যদি কোনও প্রতিষ্ঠান মানবিক কাজ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং দাতব্য কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাহলে তাতে অবশ্যই গুরুতর আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক উদ্বেগ তৈরি হতে পারে।”

তবে প্রস্তাবিত সংশোধনী বিলের সম্পূর্ণ বিরোধিতা করছেন না বলেও স্পষ্ট করেছেন স্যালেং সাংমা। তাঁর কথায়, “আমরা সংশোধনী বিলের বিরুদ্ধে নই। আমরা শুধু বিলের কয়েকটি ধারার বিষয়ে উদ্বিগ্ন। এর বেশি কিছু নয়।”

Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026 গত ২৫ মার্চ লোকসভায় পেশ করা হয় এবং বর্তমানে তা সংসদের বিবেচনাধীন। প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে FCRA রেজিস্ট্রেশন নবীকরণ না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধান। বিদেশি অনুদানের অর্থে তৈরি সম্পত্তি ও সম্পদ নিয়েও কিছু বিধান প্রস্তাব করা হয়েছে।

কেন্দ্রের বক্তব্য, প্রশাসনিক ক্ষেত্রে থাকা কিছু ঘাটতি দূর করা এবং স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করাই প্রস্তাবিত বিধানগুলির উদ্দেশ্য। সরকার আরও জানিয়েছে, ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই FCRA-র নিয়ম সমানভাবে প্রযোজ্য।

আরও আইনি পদক্ষেপের আগে বিলটি বর্তমানে একটি যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে।