Sunday, September 20, 2026
Latestকলকাতা

হাওড়া স্টেশনের আমূল আধুনিকায়নের পরিকল্পনা, খরচ হবে ৩০০ কোটির বেশি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ২৫০–৩০০ কোটি টাকা ব্যয়ে ১৩ তলা একটি মিশ্র ব্যবহারযোগ্য কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। PPP মডেলে তৈরি এই প্রকল্পে রাজ্য সরকারের অংশীদারিত্ব থাকবে ৭০ শতাংশ।

প্রস্তাবিত কমপ্লেক্সে থাকবে বাস টার্মিনাস, শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী লাউঞ্জ, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব পরিষেবা, দু’চাকা ও চারচাকা গাড়ির পার্কিং, রিটেল শপ, শপিং মল, ফুড কোর্ট, থিয়েটার, অডিটোরিয়াম এবং সাশ্রয়ী মূল্যের শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা। KMDA-এর স্কাইওয়াকের মাধ্যমে কমপ্লেক্সটির সঙ্গে সরাসরি হাওড়া স্টেশনের সংযোগ তৈরি করা হবে।

এর পাশাপাশি, রাজ্য সরকার প্রায় ৪৫ কোটি টাকা খরচ করে ৩৫০ মিটার দীর্ঘ মূল সাবওয়ে এবং ৫০ মিটার দীর্ঘ ফেরিঘাট সাবওয়ের সংস্কার করবে। সাবওয়েতে গ্রানাইটের মেঝে, PVC সিলিং, LED আলো, CCTV, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ডিজিটাল ডিসপ্লে, সাইনেজ এবং এসকেলেটর বসানোর পরিকল্পনা রয়েছে।

পুজোর পর শুরু হবে কাজ। ২০২৭ সালের পুজোর আগেই সংস্কারের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। হাওড়া স্টেশন ও সংলগ্ন পরিবহণ ব্যবস্থার এই নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৬০ লক্ষ যাত্রী যাতায়াত করেন।