‘দিদি আছেন, দিদিই থাকবেন, তৃণমূল ২৩৪ টি আসন পাবে’, দাবি অখিলেশ যাদবের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তৃণমূল সরকারের প্রত্যাবর্তন, নাকি পালাবদল—এই প্রশ্নে যখন গোটা রাজ্য জুড়ে চূড়ান্ত উত্তেজনা, ঠিক তখনই মুখ খুললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ যাদব আগাম শুভেচ্ছা জানিয়ে কার্যত তৃণমূলের জয় নিয়েই আত্মবিশ্বাসী সুর শোনালেন।
রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে অখিলেশ যাদব দাবি করেন, “দিদি আছেন, দিদিই থাকবেন।” তাঁর অনুমান, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় ২৩৪টি আসন জিততে চলেছে। একই সঙ্গে ভোট গণনায় ১৬৫ জন পর্যবেক্ষক নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করেন বিজেপিকে। তাঁর বক্তব্য, এত সংখ্যক পর্যবেক্ষক নিয়োগই প্রমাণ করে নির্বাচন কমিশনের ওপরও বিজেপির আস্থার ঘাটতি রয়েছে। সেই সূত্রেই তিনি দাবি করেন, এবারের ভোটে বিজেপির পরাজয় কার্যত নিশ্চিত।
এর আগেও ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে ‘একাকী বাঘিনীর মতো’ বলে উল্লেখ করেছিলেন অখিলেশ। ফল ঘোষণার আগের দিনেও সেই সমর্থন আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
রাজনৈতিক মহলে অবশ্য এই সমর্থন নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্ক বহুদিনের। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের আমল থেকেই এই সখ্যের সূচনা। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নানা রাজনৈতিক ইস্যুতে মুলায়মের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন মমতা।
পরবর্তীকালে অখিলেশ যাদব বিজেপি-বিরোধী রাজনীতির অন্যতম মুখ হয়ে ওঠেন এবং সমমনোভাবাপন্ন নেত্রী হিসেবে মমতার সঙ্গে তাঁর সম্পর্ক আরও দৃঢ় হয়। বিশেষ করে ‘ইন্ডিয়া’ জোট গঠনের পর এই সমীকরণ নতুন মাত্রা পায়। লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে গিয়ে অখিলেশের সমর্থনে প্রচারও করেছিলেন মমতা। পাল্টা বাংলার নির্বাচনে তৃণমূলের পাশে থেকে বারবার সমর্থনের বার্তা দিয়েছেন অখিলেশ।


