Sunday, May 3, 2026
Latestরাজ্য​

গণনা-পর্বে আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৬৫ জন নতুন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ কমিশনের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬ মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবার নজর ৪ মে, সোমবারের ভোট গণনায়। গণনা প্রক্রিয়াও যাতে নির্বিঘ্ন, স্বচ্ছ এবং ভয়মুক্ত হয়, তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গণনাকেন্দ্রে মোতায়েন থাকবেন এই কাউন্টিং অবজার্ভাররা। যেসব গণনাকেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে বিশেষভাবে তাঁদের দায়িত্ব দেওয়া হবে। লক্ষ্য একটাই—গণনার প্রতিটি ধাপে নজরদারি বজায় রেখে কোনও ধরনের অনিয়ম বা বিঘ্ন রোধ করা।

অন্যদিকে, গণনাকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হচ্ছে ৭৭ জন পুলিশ অবজার্ভার। তবে তাঁদের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারিত—গণনাকক্ষের ভিতরে প্রবেশ নয়, বরং বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা। কোথাও উত্তেজনা বা অশান্তির ইঙ্গিত মিললেই দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাঁদের।

কমিশনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক আইনি প্রেক্ষাপটও। ভোট গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট—দুই জায়গাতেই কমিশনের সিদ্ধান্ত বহাল থাকে।

শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, গণনা প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীরা নির্বাচন কমিশনের অধীনেই কাজ করবেন। তাঁরা কেন্দ্রীয় নাকি রাজ্য সরকারি কর্মী—তা নিয়ে বিভাজনের কোনও ভিত্তি নেই। বেঞ্চে থাকা বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, গণনাকেন্দ্রে যখন সমস্ত রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিত থাকবেন, তখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নেই। একই সুর শোনা যায় বিচারপতি পি এস নরসিংহর বক্তব্যেও।

আদালত আরও জানিয়ে দেয়, ১৩ এপ্রিল জারি হওয়া নির্দেশিকা অনুযায়ীই গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে, নতুন করে কোনও নির্দেশের প্রয়োজন নেই। এই আইনি স্বীকৃতির পরই অতিরিক্ত অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করে কমিশন।

সব মিলিয়ে, ভোটের মতোই গণনাতেও যাতে কোনও বিতর্ক বা অশান্তির ছায়া না পড়ে, সেই লক্ষ্যেই একাধিক স্তরে নজরদারির ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এখন দেখার, ৪ মে গণনার দিন এই কড়া প্রস্তুতি কতটা কার্যকর হয়।