Saturday, May 2, 2026
Latestআন্তর্জাতিক

পাকিস্তানে ফের রহস্যমৃত্যু, জইশ শীর্ষ কমান্ডার মৌলানা সালমান আজহারের দুর্ঘটনায় মৃত্যু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক শীর্ষ কমান্ডার মৌলানা সালমান আজহার ‘হিট-অ্যান্ড-রান’ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বাহাওয়ালপুরে—যা দীর্ঘদিন ধরেই এই জঙ্গি সংগঠনের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

কে ছিলেন সালমান আজহার?

মৌলানা সালমান আজহার জইশ-ই-মহম্মদের এক গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন মাসুদ আজহার, যিনি ভারতের বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত। সালমান আজহার সীমান্তবর্তী এলাকায় হামলার পরিকল্পনা ও উস্কানিমূলক ভাষণের জন্য পরিচিত ছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি।

জইশ-ই-মহম্মদ অতীতে ভারতের একাধিক বড় জঙ্গি হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ২০০১ সালের ভারতীয় সংসদ হামলা এবং পুলওয়ামা হামলা ২০১৯।

কীভাবে মৃত্যু?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক ‘অজ্ঞাত’ গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাটি ‘দুর্ঘটনা’ হিসেবে দেখানো হলেও, গাড়ির পরিচয় বা চালকের কোনও হদিশ এখনও মেলেনি। ফলে এই মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

শেষকৃত্যে ভিড়

২৯ এপ্রিল বিকেল ৪টেয় বাহাওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ প্রাঙ্গণে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে শতাধিক সমর্থকের উপস্থিতির খবর মিলেছে।

একের পর এক সন্দেহজনক মৃত্যু

সালমান আজহারের মৃত্যুর ঠিক দু’দিন আগেই খুন হন শেখ ইউসুফ আফ্রিদি, যিনি লস্কর-ই-তৈবার খাইবার পাখতুনখোয়া অঞ্চলের শাখা প্রধান ছিলেন। ২৭ এপ্রিল তাকে গুলি করে হত্যা করা হয়।

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ২ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় জইশের আরেক কৌশলবিদ মৌলানা আব্দুল আজিজ আজার-এর। সরকারি ভাবে ‘হার্ট অ্যাটাক’ বলা হলেও, তার মৃত্যুকে ঘিরেও প্রশ্ন উঠেছিল।

বাড়ছে জল্পনা

একই ধরনের ধারাবাহিক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে—এগুলি কি নিছক দুর্ঘটনা ও ব্যক্তিগত হামলা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও ছক? যদিও পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত এই ঘটনাগুলিকে ঘিরে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে, জঙ্গি সংগঠনগুলির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আন্তর্জাতিক চাপ, কিংবা গোপন অভিযানের মতো সম্ভাবনাগুলিও খতিয়ে দেখছেন বিশ্লেষকরা।