Wednesday, April 29, 2026
Latestরাজ্য​

ইভিএমের পদ্ম বোতামে ‘টেপ’ লাগানো! পুনর্নির্বাচনের দাবি গেরুয়া শিবিরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএমের বোতামে ‘সেলোটেপ’ লাগিয়ে কারচুপি করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি।

দলটির ফলতা কেন্দ্রের প্রার্থী দেবাংশু পান্ডা দাবি করেছেন, কিছু বুথে ইভিএমের তিন ও চার নম্বর বোতামে কৌশলে টেপ লাগানো হয়েছিল। উল্লেখ্য, ওই নম্বরেই যথাক্রমে বিজেপি এবং সিপিএম প্রার্থীদের নাম ছিল। বিজেপির অভিযোগ, ভোটারদের বিরোধী প্রার্থীদের ভোট দেওয়া থেকে বিরত রাখতেই এই কৌশল নেওয়া হয়েছে, যাকে তারা ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে আখ্যা দিয়েছে।

এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।

বিতর্ক আরও ঘনীভূত হয় যখন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে আসে, যেখানে ইভিএমের বোতামে টেপ লাগানো রয়েছে বলে দাবি করা হয়। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা ট্রিবিউন।

অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কমিশনের তরফে সংশ্লিষ্ট বুথের ভিডিও ফুটেজ এবং প্রিসাইডিং অফিসারের রিপোর্ট তলব করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন (রিপোল) করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ  অস্বীকার করেছে।