Wednesday, April 29, 2026
Latestরাজ্য​

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণে সকাল থেকেই দেখা গেল ব্যাপক উৎসাহ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৩৯.৯৭ শতাংশ।

জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৪৪.৫০ শতাংশ, যা এই দফায় সর্বোচ্চ। অন্যদিকে, কলকাতা দক্ষিণ কেন্দ্রে তুলনামূলক কম ভোট পড়েছে—সকাল ১১টা পর্যন্ত হার ৩৬.৭৮ শতাংশ।

গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের চিত্র বেশ আলাদা। সেবার ৭ দফায় ভোট হয়েছিল। ওই নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোটদানের হার ছিল ষষ্ঠ দফায়—৩৬.৯ শতাংশ। আর সর্বনিম্ন হার ছিল সপ্তম দফায়, যেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল মাত্র ২৮.১ শতাংশ।

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, এবারের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটারদের অংশগ্রহণ আগের তুলনায় অনেকটাই বেশি। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়া এবং প্রশাসনের কড়া নজরদারির ফলে ভোটারদের মধ্যে আস্থা বেড়েছে, যার প্রভাব পড়েছে বুথমুখী মানুষের ভিড়ে।

দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের হার আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখন নজর শেষ পর্যন্ত এই দফায় মোট ভোটদানের শতাংশ কোথায় গিয়ে দাঁড়ায়।