Tuesday, April 28, 2026
Latestরাজ্য​

‘বদমাইশি করলে এমন চিকিৎসা হবে না, তখন কান্নাকাটি করে লাভ হবে না’, হুঁশিয়ারি উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট IPS অজয় পাল শর্মার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Election 2026) জন্য তাঁকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পরই কড়া অবস্থান নিতে দেখা গেল তাঁকে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ ও বাসন্তীর মতো সংবেদনশীল এলাকাগুলিতে অতীতে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটেই সোমবার ফলতা এলাকায় গিয়ে সরাসরি সতর্কবার্তা দিতে দেখা যায় এই আইপিএস অফিসারকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক তৃণমূল প্রার্থীর পরিবারের উদ্দেশে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও রকম ‘বদমাইশি’ বরদাস্ত করা হবে না এবং আইনভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ট্রিবিউন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটকে শান্তিপূর্ণ করতে রাজ্যে মোট ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায়ই রয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে অন্যতম এই অজয় পাল শর্মা, যিনি উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত।

তাঁর নিয়োগ ঘিরেও প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন দলের নেতা-কর্মীরা। বিরোধীদের একাংশ অবশ্য নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তাঁদের মতে, কঠোর নজরদারির মাধ্যমেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা সম্ভব।

ভোটের মুখে প্রশাসনের এই কড়া অবস্থান পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।