দ্বিতীয় দফায় ভোটের আগে নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দ্বিতীয় দফার ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় নজিরবিহীন কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দফার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করেছে কমিশন। প্রথম দফায় দায়িত্বে থাকা ২৬ জন দক্ষ পুলিশ অফিসারকে এবার অতিরিক্ত দায়িত্ব দিয়ে দ্বিতীয় দফার এলাকায় মোতায়েন করা হয়েছে।
সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে অতিরিক্ত ৪ জন অফিসার মোতায়েন করা হয়েছে। ডায়মন্ড হারবারের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে নজরদারি বাড়াতে অতিরিক্ত ৩ জন অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি হাওড়া, কৃষ্ণনগর, বারাসাত, বসিরহাট, বারুইপুর ও সুন্দরবনের মতো এলাকায়ও অতিরিক্ত পুলিশ অফিসার পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনেও থাকছে বাড়তি জোর।১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের জন্য মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তাদের সঙ্গে থাকছে ৩৮ হাজারেরও বেশি রাজ্য পুলিশ। কমিশনের নতুন গাইডলাইন অনুযায়ী, প্রতিটি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একাধিক বুথ থাকলে সেই অনুযায়ী বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যা।
শহর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২৭৩ কোম্পানি বাহিনী। এছাড়া ব্যারাকপুর, ডায়মন্ড হারবার ও বারুইপুরেও বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিউটাউনের স্পেশাল কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটকে ঘিরে প্রশাসনের তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে— কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন। তবে শেষ মুহূর্তে ভোটার তালিকার এই সংযোজন-বিয়োজন এবং পুলিশ প্রশাসনের রদবদল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।


