Wednesday, June 17, 2026
Latestরাজ্য​

দ্বিতীয় দফা ভোটের আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। বুধের সকালেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। সাতটি জেলার ১৪২টি আসন জুড়ে এই হাই-ভোল্টেজ ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম সতর্কতায় নির্বাচন কমিশন।

ভোটের ঠিক আগের রাতে এক নজিরবিহীন পদক্ষেপে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। ট্রাইব্যুনালে যেসব ভোটারদের নাম নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল, তাঁদের নাম নিয়েই এই তালিকা তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার আগে যেখানে ১৩৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছিল, সেখানে দ্বিতীয় দফার আগে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৮। অন্যদিকে, তালিকা থেকে বাদ পড়েছে ৬ জনের নাম।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই তালিকা আপলোড করা হয়েছে। নিয়ম অনুযায়ী, যাঁদের নাম মূল ভোটার তালিকায় না থাকলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা পেয়েছেন, তাঁরাই এই তালিকায় স্থান পেয়েছেন। যদিও প্রথমে এই তালিকা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, পরে কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয় মোট কতজনের নাম যুক্ত ও বাদ দেওয়া হয়েছে।