‘যানজট কমাতে হাবড়া পর্যন্ত মেট্রো চলবে’, প্রতিশ্রুতি অমিত শাহর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ দু’শহর হাবড়া ও অশোকনগরে মেট্রো পরিষেবা চালুর প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার হাবড়ার বাণীপুর চৌমাথা সংলগ্ন আম্বেদকর মাঠে এক নির্বাচনী জনসভা থেকে এই ঘোষণা করেন তিনি।
সভার মঞ্চে উপস্থিত ছিলেন হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল এবং অশোকনগরের প্রার্থী সুময় হীরা। তাঁদের সমর্থনে প্রচারে এসে অমিত শাহ বলেন, “হাবড়া ও অশোকনগরের ক্রমবর্ধমান যানজট ও জনসংখ্যার চাপের কথা মাথায় রেখে মেট্রো প্রকল্পের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকার গঠন হলে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়ভাবে হাবড়া একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন প্রচুর মানুষ কাজের সূত্রে এই এলাকায় আসা-যাওয়া করেন। একইভাবে অশোকনগরেও জনসংখ্যা বৃদ্ধি এবং যানবাহনের চাপ বেড়েছে। ফলে দীর্ঘদিন ধরেই এই দুই শহরে উন্নত গণপরিবহণের দাবি উঠছিল।
মেট্রো পরিষেবা চালু হলে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এতে শুধু সময় বাঁচবে না, যানজট সমস্যাও অনেকটাই কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
যদিও এই ঘোষণা এখনও প্রতিশ্রুতির পর্যায়েই রয়েছে, তবুও নির্বাচনের আবহে এই ইস্যু ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বাস্তবে প্রকল্প কতটা দ্রুত রূপায়িত হয়, এখন সেটাই দেখার।


