ভোটে কলকাতায় মোতায়েন থাকছে ২২ হাজার আধা সামরিক বাহিনী, ১০ হাজার পুলিশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসন্ন ভোটকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করছে প্রশাসন। শহরে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে মোতায়েন করা হচ্ছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার সংখ্যা প্রায় ২২ হাজার। এর পাশাপাশি রাস্তায় নামছে আরও প্রায় ১০ হাজার পুলিশকর্মী। নির্বাচন কমিশন ও লালবাজার সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ও ভোটের দিন শহরের প্রতিটি বুথ, ভোটকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ রাস্তায় থাকবে কড়া নজরদারি।
আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই শুরু হয়েছে দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান। মঙ্গলবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছে চারজন কুখ্যাত অপরাধী— টালিগঞ্জের জয়দেব মালাকার ওরফে ‘ম্যান্ডেলা’, পঞ্চসায়রের মিন্টু ঘরামি ওরফে ‘বল্টু’, বাঁশদ্রোণীর অর্পণ চক্রবর্তী এবং একবালপুরের শাহদাত হোসেন ওরফে ‘শাকা’। পুলিশের দাবি, এদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে হামলা, খুনের চেষ্টা, তোলাবাজি ও অপহরণের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অন্যান্য ট্রাবল মঙ্গারদের খোঁজেও জোর তল্লাশি চলছে।
অভিযানের ফলও মিলেছে হাতেনাতে। গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৬৭ রাউন্ড গুলি এবং ১৭২টি বোমা। পাশাপাশি ভোটের আগে বেআইনি অর্থ লেনদেন রুখতে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে ১ কোটি ৭১ লাখ ২ হাজার ১০২ টাকা। যৌথ টিমের হাতে ধরা পড়েছে আরও ১ কোটি ৫১ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকা এবং ৪৭৭.৭২ গ্রাম সোনা।
নির্বাচনী পরিকাঠামোর দিক থেকেও কলকাতা প্রস্তুত। শহরে রয়েছে মোট ১৯৬১টি ভোটকেন্দ্র এবং ৫১৭২টি বুথ। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হচ্ছে ৩৫১টি সেক্টর মোবাইল, ১৬০টি আরটি মোবাইল, ২২৯টি কুইক রেসপন্স টিম, ৮০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৩০৬টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম ও নাকা। এছাড়া তিনটি শিফটে কাজ করবে ৫৭টি ফ্লাইং স্কোয়াড ও ৫৭টি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম (এসএসটি)। থাকছে ৮০টি স্ট্রাইকিং ফোর্স।
প্রশাসনিক দিক থেকেও নজিরবিহীন মোতায়েন করা হচ্ছে অফিসারদের। প্রতিটি স্ট্রাইকিং ফোর্স ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকবেন একজন ইন্সপেক্টর ও একজন সাব-ইন্সপেক্টর। মোট ১৭২ জন ইন্সপেক্টর এবং ১৯৩৮ জন সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ২৪৮৬ জন সশস্ত্র কনস্টেবল-সহ মোট ৭২৪১ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন।
কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৩২৪ সেকশন মূলত এসএসটি, ফ্লাইং স্কোয়াড ও কুইক রেসপন্স টিমে মোতায়েন থাকবে। বাকি বাহিনী নিয়োজিত থাকবে বুথের নিরাপত্তায়। এছাড়া লাঠিধারী পুলিশ কনস্টেবলরাও বুথে দায়িত্ব পালন করবেন। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, সশস্ত্র পুলিশকর্মীরা ভোটকেন্দ্রের ভেতরে থাকবেন না।
সব মিলিয়ে, ভোটকে কেন্দ্র করে কলকাতায় তৈরি হচ্ছে কড়া নিরাপত্তা বলয়। প্রশাসনের দাবি, এই কঠোর ব্যবস্থার ফলে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।


