CAA–তে নাগরিকত্ব দিতে পশ্চিমবঙ্গে আরও ২টি কমিটি গঠন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)–এর আবেদন প্রক্রিয়াকরণের জন্য আরও ২টি ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেছে। সোমবার জারি করা এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নাগরিকত্ব আইন, ১৯৫৫–এর ৬বি ধারার ভিত্তিতে এবং নাগরিকত্ব বিধি, ২০০৯ অনুসারে এই কমিটিগুলি কাজ করবে।
কী বলা হয়েছে নির্দেশে?
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি ক্ষমতাপ্রাপ্ত কমিটির প্রধান হবেন কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার নীচে নন এমন কোনও আধিকারিক। তাঁদের মনোনয়ন দেবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনার।
এর আগে পশ্চিমবঙ্গে দু’টি কমিটি কাজ করছিল। কিন্তু সিএএ–এর আওতায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় আরও দুটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
প্রতিটি কমিটিতে থাকবেন—
সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) আন্ডার সেক্রেটারি পদমর্যাদার নীচে নন এমন এক আধিকারিক
সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার (এফআরআরও) কর্তৃক মনোনীত আন্ডার সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক।
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি), পশ্চিমবঙ্গের স্টেট ইনফরমেটিক্স অফিসার কর্তৃক মনোনীত এক আধিকারিক।
পশ্চিমবঙ্গের পোস্টমাস্টার জেনারেল বা তাঁর মনোনীত আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কোনও ডাক আধিকারিক।
এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকবেন—
পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি (হোম) বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি (হোম) দপ্তরের প্রতিনিধি।
সংশ্লিষ্ট রেল বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি।
কারা পাবেন নাগরিকত্ব?
নাগরিকত্ব আইন, ১৯৫৫–এ ৬বি ধারা যুক্ত করা হয় ২০১৯ সালের নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ–এর মাধ্যমে। এই সংশোধনের ফলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ৩১ ডিসেম্বর ২০১৪–র আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের জন্য ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
সিএএ কার্যকর হওয়ার পর আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে প্রশাসনিক কাঠামো তৈরি করছে। পশ্চিমবঙ্গে নতুন দুটি কমিটি গঠন সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, SIR এর চূড়ান্ত তালিকায় বহু হিন্দুর নাম পড়েছে। এই পরিস্থিতিতে তাঁদের CAA–তে নাগরিকত্ব দিতে পশ্চিমবঙ্গে আরও ২টি কমিটি গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।


