পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে সীমান্ত পুরোপুরি সিল করা, চুন চুনকে অনুপ্রবেশকারীদের বাইরে পাঠানো হবে: অমিত শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের একবার অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘বিষয়টি শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশে থাকা অনুপ্রবেশকারীদের এক এক করে চিহ্নিত করে দেশছাড়া করাই কেন্দ্রের মূল লক্ষ্য।’
এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ দাবি করেন, ‘পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে।’ তাঁর অভিযোগ, “অনুপ্রবেশকারীরা শুধু নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলছে না, গরিব মানুষের রেশন ব্যবস্থাতেও ভাগ বসাচ্ছে। তবে সবচেয়ে বড় প্রভাব পড়েছে জনসংখ্যার গঠনে।”
অমিত শাহ আরও বলেন, ‘সীমান্তবর্তী রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশ রোধে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর কথায়, ‘দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।’
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি আত্মবিশ্বাসী সুরে বলেন, “এবার বিজেপি সরকার গঠন করবেই। আমার পুরো ভরসা আছে।” একইসঙ্গে তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে সীমান্ত সম্পূর্ণ সিল করা এবং দেশে থাকা অনুপ্রবেশকারীদের চুন চুনকে (একে একে) চিহ্নিত করে বাইরে পাঠানো।
রাজনৈতিক মহলের মতে, এসআইআর প্রক্রিয়া এবং অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে। শাসক-বিরোধী তরজাও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।


