জীবনের সমস্ত সঞ্চয় ৫০ লাখ টাকা খরচ করে বিনামূল্যের বৃদ্ধাশ্রম গড়লেন ধনরাজ হাজারে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মায়ের অন্তিম মুহূর্তে তাঁর পাশে থাকতে পারেননি। এই অনুশোচনা তাকে তিলে তিলে কুরে কুরে খাচ্ছিল। তাই প্রায়শ্চিত্ত করতে জীবনের যাবতীয় সঞ্চয় দিয়ে বিনামূল্যের বৃদ্ধাশ্রম গড়লেন ঔরঙ্গবাদের বাসিন্দা ধনরাজ হাজারে। ৫০ লাখ টাকা খরচ করে বৃদ্ধাশ্রম নির্মাণ করেছেন ধনরাজ।
জানা গেছে, ২৫ বছর ধনরাজের সঙ্গে মুম্বাইয়ে ছিলেন তার মা। কিন্তু জীবনের অন্তিমকালে ঔরঙ্গবাদের গ্রামের বাড়িতে ফিরে যান তার মা। এখানে তাঁর দেখাশোনার মতো কেউ ছিলো না। আর এদিকে কর্মব্যস্ততায় ধনরাজেরও কখনো সময় হয়নি গ্রামে যাওয়ার। এর মধ্যেই তার মা প্রয়াত হন। এই ঘটনা একেবারে নাড়িয়ে দেয় ধনরাজকে। সে মানসিক ভাবে বিরাট আঘাত পান।
ধনরাজ ঠিক করেন তার মায়ের যেভাবে মৃত্যু হয়েছে, সেভাবে আর কাউকে মারা যেতে দেবেন না।
২০১৬ সালে তার সমস্ত সঞ্চয় দিয়ে পার্বতী বাবাজি হাজারে চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। ২০১৮ সালে বৃদ্ধাশ্রমের নির্মাণ কাজ শেষ হয়েছে।

