মমতার সভায় স্কুলের ছাত্র-ছাত্রীদের দেওয়া হল পচা বিরিয়ানি, বিতর্ক তুঙ্গে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে পড়ুয়াদের পচা বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি বয়েজ স্কুলে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারাও।
মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর ভাষা দিবসের অনুষ্ঠানে ১২টি স্কুলের প্রায় ১০৪০ পড়ুয়াকে শিলিগুড়ি বয়েজ স্কুলের অনুষ্ঠানে ডাকা হয়। অভিযোগ দুপুরে পচা বিরিয়ানি খেতে দেওয়া তাদের। বিরিয়ানির প্যাকেট খুলতেই গন্ধ ভেসে আসে।
পড়ুয়ারা বিষয়টি সম্পর্কে শিক্ষকদের জানায়। খাবার পরীক্ষা করে শিক্ষকরা জানান, এই বিরিয়ানি খাওয়ার যোগ্য নয়। তারপর বিরিয়ানি বিলি বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই পাওয়া বিরিয়ানির প্যাকেট যারা পেয়েছিলেন তারা ডাস্টবিনে ফেলে দেন।
এক শিক্ষক জানান, অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর থেকে বিরিয়ানির প্যাকেট বিলি হচ্ছিল। তবে কিভাবে পচা খাবার বিলি হল জানি না।
বিরিয়ানির দোকানের মালিক জানান, ‘সোমবার বিকাল পাঁচটার মধ্যে ১২৫০ প্যাকেট বিরিয়ানি দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল। সেই মতো অর্ডার ডেলিভারি করা হয়েছে। সেই বিরিয়ানি যদি পরের দিন দুপুরবেলা খাওয়ানো হয়। তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবেই।’
প্রশ্ন উঠছে কিভাবে রান্না করার ২৪ ঘন্টা পরে দেওয়া হলো বিরিয়ানি। এই ঘটনায় ক্ষুদ্ধ শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা।
এই পুরো বিষয়টি জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন তিনি। সভার মাঝখানেই হঠাৎই পড়ুয়াদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘খিদে পেয়েছে?’ পড়ুয়ারা বলে ওঠে ‘হ্যাঁ।’ তখনই তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাবারের ব্যবস্থা করেন জেলাশাসক।

