ফের ২৩০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চিনে ফের ডিজিটাল স্ট্রাইক হানলো ভারত। ফের চিনের ২৩০ টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। রবিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রক এই তথ্য জানিয়েছে।
২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ হয়েছিলেন দেশের ২০ জওয়ান। এরপর থেকেই নতুন করে দু’দেশের সম্পর্কে চিড় ধরে। প্রতিবাদে দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। চিনকে সবক শেখাতে অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। ভারতে নিষিদ্ধ হয়েছিল শত শত চিনা অ্যাপ।
কেন্দ্রের তরফে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর এইসমস্ত চিনা অ্যাপ। এরপর দফায় দফায় ব্যান করা হয় জনপ্রিয় চিনা অ্যাপগুলি। এর মধ্যে ছিল টিকটক, উইচ্যাট, হ্যালো থেকে আলিবাবা ওয়ার্কবেঞ্চ, ক্যামকার্ড, পাবজি। এবার ফের ২৩০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হলো।
ভারত সরকারের তরফে জানানো হয়েছে, এই চিনা অ্যাপগুলি শুধুমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। চিনা ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি লোন লেন্ডিং অ্যাপ নিষিদ্ধ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই অ্যাপগুলি দেশের মানুষের তথ্য এবং পয়সা লুটে নিচ্ছিল বলে অভিযোগ।

