Saturday, April 18, 2026
Latestরাজ্য​

‘মমতা উদার হতে পারেন, আমি নই’, জনসভা থেকে কড়া বার্তা অভিষেকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের সবংয়ের জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে নিশানা করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভয় দেখিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

শুক্রবারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু আমি নই।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, “সবং এলাকায় সাথী গোড়াই কুইলা নামে এক মহিলাকে হুমকি দেওয়া হয়েছে, এমনকি তাঁর দুই বছরের শিশুকেও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।”

অভিষেক সভা থেকে একাধিক অভিযুক্তের নাম উল্লেখ করে বলেন, “যারা সাথীকে হুমকি দিয়েছে, তাদের নাম আমি প্রকাশ্যে বলছি। যদি তারা ভাবে এভাবে ভয় দেখিয়ে এলাকা দখল করবে, তাহলে ভুল করছে। ফল ঘোষণার পর আমাদের সরকার গঠিত হলে আমি কথা দিচ্ছি, তাদের সাথীর সামনে এনে ক্ষমা চাইতে বাধ্য করা হবে।”

তিনি আরও জানান, ‘ইতিমধ্যেই আটজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং তাঁদের মধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে।’ জেলা প্রশাসনের উপর আস্থা রেখে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সঠিক বিচার মিলবে।’

বিজেপির পাশাপাশি সিপিআইএমকেও আক্রমণ করেন অভিষেক। অতীতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সিপিআইএমের অত্যাচারের দিন আমরা ভুলে যাইনি। কংগ্রেস কর্মীদের পরিবারকে হুমকি, সামাজিক বয়কট, এমনকি পুকুরে বিষ দেওয়া—সবই হয়েছিল। এখন সেই পুরনো শক্তিগুলো জার্সি বদলে আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।”

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “কয়েকদিন আগে অমিত শাহ বলেছিলেন, তৃণমূল সমর্থকদের যেন নির্দিষ্ট দিনে বাড়ির বাইরে না বেরোতে। কিন্তু বাংলা বীরদের মাটি, এখানে কেউ মাথা নত করবে না।” তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “সাহস থাকলে বাংলায় থাকুন। ৪ তারিখ দুপুরের পর দেখা হবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ফের সরকার গঠন করবে। তাঁর কথায়, “আর মাত্র কয়েকদিন। তারপর নির্বাচন কমিশন ও বিজেপির বিদায়, বাংলায় আবার তৃণমূলের সরকার।”

এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিরোধীদের তরফে এই মন্তব্যের কড়া সমালোচনা করা হলেও তৃণমূল শিবিরে তা নির্বাচনী লড়াইয়ের জোরালো বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের কড়া ভাষণের ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠবে।