‘সমাজের জন্য বিপজ্জনক’, তবলিঘি জামাতকে নিষিদ্ধ করল সৌদি আরব
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোটা বিশ্বে ইসলাম ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে সৌদি আরবকে (Saudi Arabia) বিবেচনা করা হয়। আর এবার সেদেশেই ইসলামিক সংগঠন তবলিঘি জামাতকে (Tablighi Jamaat) নিষিদ্ধ ঘোষণা করা হল। ইসলামি এই সংগঠনটিকে ‘সন্ত্রাসবাদের আখড়া, ‘সমাজের জন্য বিপজ্জনক’ বলে জানিয়েছে সৌদি আরব প্রশাসন। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল্লাতিফ আল শেখ টুইটে এই তথ্য জানিয়েছেন।
আবদুল্লাতিফ মসজিদের ইমামদের কাছে আর্জি জানিয়েছেন, জুম্মার নামাজের সময় তাঁরা যেন সকলকে তবলিঘি জামাতের আসল চেহারা সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি, সকলকে তবলিঘি জামাত থেকে দূরে থাকার পরামর্শ দেন।
আবদুল্লাতিফ আল শেখ টুইটে বলেছেন, তবলিঘি জামাত হল সন্ত্রাসবাদের একটি প্রবেশপথ। এদের আসল চেহারা সম্পর্কে সকলকে বোঝান। এদের থেকে দূরে থাকুন। এটি সমাজের জন্য বিপদজনক।

তবলিঘি জামাতের পাশাপাশি ‘দাওয়া’ নামে আরেকটি সংগঠনকে নিষিদ্ধ করেছে সৌদি আরব প্রশাসন। ১৯২৬ সালে গঠন করা হয় দাওয়া সংগঠন।
উল্লেখ্য, তবলিঘি জামাত ও দাওয়া দুটোই সুন্নি মুসলিমদের সংগঠন। সংগঠনের দাবি, গোটা বিশ্বে তাদের ৩০০-৪০০ মিলিয়ন অনুসারী রয়েছে। তাদের লক্ষ্য হল ধর্মীয় বিশ্বাসের ওপর জোর দেওয়া এবং অত্যন্ত কঠোর ভাবে রাজনীতি এড়িয়ে চলা।
প্রসঙ্গত, সৌদি আরবের অধিকাংশ জনগণ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। তাই দুই শিবিরের মধ্যে সংঘাত রয়েছে।

