Tuesday, June 9, 2026
দেশ

প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করল বিজেপি শাসিত হরিয়ানা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করল হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার মনে করেন, রাস্তায় নয়, মসজিদ কিংবা ইদগাহেই নামাজ আদায় করা উচিত। রবিবার চন্ডীগড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হরিয়ানার গুরগাঁওয়ে প্রকাশ্যে জুমার নামাজ আদায় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নামাজ পড়ার জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে। মসজিদে বা ইদগাহে নামাজ পড়া উচিত। যদি সেখানে স্থান সংকুলান না হয় তবে ব্যক্তিগত (বাড়িতে) জায়গায় নামাজ আদায় করা উচিত। প্রকাশ্য রাস্তার উপর নামাজ পড়া উচিৎ নয়।

গত ২০ এপ্রিল গুরগাঁওয়ের সেক্টর ৫৩-তে একটি সরকারি জায়গায় প্রকাশ্যে জুমার নামাজ পড়া নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রায় ৫০০ মুসলিমকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা ‘জয় শ্রীরাম’ ও ‘রাধে রাধে’ বলে স্লোগান দিতে থাকে। তাঁদের অভিযোগ, মুসলিমরা জমি দখল করে সেখানে মসজিদ বানানোর চেষ্টা করছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, এটা খুবই ভালো যে, প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া নিয়ে কোনও অভিযোগ আসেনি। কিন্তু কোনও দফতর থেকে এ ব্যাপারে অভিযোগ উঠলে সেটা সযত্নে ভেবে দেখা হবে। আমরা নজর রাখছি। আগেও নামাজ পড়া হতো। কিন্তু আজকাল প্রকাশ্য রাস্তায় নামাজ পড়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা এই বিষয়টির দিকে নজর দিচ্ছি। আমরা বলতে চাই একটি নির্দিষ্ট জায়াগাতেই নামাজ পড়া উচিত, প্রকাশ্য রাস্তায় নয়।

বিষয়টি নিয়ে ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র নিন্দা করেছেন। বিজেপি সরকার শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে অভিযোগ করেন ওমর আবদুল্লাহ।