‘খাদের কিনারা থেকে দেশকে টেনে তুলেছেন মোদী’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অতিমারি করোনার সংকটজনক পরিস্থিতির থেকে দেশকে রক্ষা করে সঠিক পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কোনও তুলনা হয় না। রবিবার থেকে শুরু হওয়া বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন বিজেপি নেতারা।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, ‘করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়োপযোগী সিদ্ধান্তের জন্যই ৮০ কোটি মানুষের কাছে বিনামূল্যে খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।’
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, ‘২০২০ সালের জানুয়ারিতে আমরা প্রথম করোনা পজিটিভ কেস পেয়েছিলাম। প্রধানমন্ত্রী ল্যাব পরিদর্শন করেন। বিজ্ঞানীদের উৎসাহ দেন। ৩০ শতাংশ ভারতীয় ভ্যাকসিনের উভয় ডোজ পেয়ে গিয়েছেন। ভারতীয় ভ্যাকসিন কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘অতিমারি পরিস্থিতিতে খাবারের যোগান দেওয়া সবথেকে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃষ্টির জন্য আমরা বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বৃহত্তম খাদ্যবণ্টন প্রোগ্রামের আওতায় প্রতি সপ্তাহে মানুষকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির আওতায় ৮০ কোটি মানুষ উপকৃত হয়েছেন।’
ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘যখন সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) পাস করা হয়েছিল, তখন মানুষ অনেক কথা বলেছিলেন। যখন আফগানিস্তান সংকট দেখা দেয় তখনও মানুষ অনেক কথা বলেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির জন্য আমরা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি।’
ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘কৃষক আন্দোলন নিয়ে অনেকে অনেক কথা বলছেন কিন্তু ২০১৪ সালে কৃষকদের জন্য বরাদ্দ ছিল ২৩ হাজার কোটি টাকা। বর্তমানে সেটা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা করা হয়েছে।’

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

