মোদীর দ্বিতীয় বায়োপিক আসছে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দ্বিতীয় বায়োপিক – ‘এক নয়া সবেরা’ বা নতুন ভোর আসতে চলেছে। জানা গেছে, আগামী দু’মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
এটির পরিচালক গুজরাটের সাব্বির কুরেশি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় বায়োপিক হতে চলেছে৷ এটির প্রযোজক ড. বি আবদুল্লা। সিনেমায় মোদীর নামভূমিকায় অভিনয় করেছেন রুদ্র রামটেকার (মোদীর ছোটবেলা) ও বিকাশ মাহান্তে (মোদীর বড়বেলা), মোদীর বাবার চরিত্রে সুলতান খান ও মা হীরাবেনের চরিত্রে অভিনয় করেছেন শান্তিদেবী আগরওয়াল।
প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের এই সিনেমায় মোদীর ছোটবেলা থেকে দেশের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ পর্যন্ত বিস্তৃত। প্রধানমন্ত্রী মোদীর জীবনের এই অভাবনীয় সফরকে রুপালি পর্দায় তুলে ধরাই উদ্দেশ্য।
পরিচালক কুরেশি জানিয়েছেন, ‘আমি নিজে মোদী ভক্ত, প্রধানমন্ত্রীর বিশেষ গুণগ্রাহী। তাঁর জীবন সংগ্রাম প্রতিনিয়ত আমাকে উদ্বুদ্ধ করে। তিনি সব দেশবাসীর জন্য ‘এক নতুন ভোর’ আনার স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন উন্নয়ন, প্রগতি ও বিকাশের। সেই স্বপ্নের নেপথ্যে থাকা অশ্রুত কাহিনিই তুলে ধরা হবে এই সিনেমায়।’
কুরেশি জানান, দেড় বছর আগেই ছবির শুটিং শেষ হয়েছে৷ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই মুক্তি পাবে ছবিটি।

