মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্র ও ইউনিসেফের প্রতিনিধি দল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্কুলের বাচ্চাদের খাওয়ার জন্য মিড ডে মিলের ব্যবস্থা। কিন্তু মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই। কোথাও নিম্নমানের খাবার, কোথাও মিড ডে মিলে সাপ, টিকটিকি। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১১ জনের এই দল রবিবারই কলকাতায় পৌঁছেছে। এই দলে রয়েছেন ইউনিসেফের প্রতিনিধিরাও।
জানা গেছে, বিকাশ ভবনে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। এরপর রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শনে যাবেন। ১১ জনের প্রতিনিধি দল পরিদর্শনের পর দিল্লি গিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপারিশ পাঠাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানান, ইতিমধ্যেই মিড ডে মিল প্রকল্পের জন্য বরাদ্দ ৬০ শতাংশ টাকা অর্থাৎ ৮৪২ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার টাকা পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। কিন্তু তারপরেও মিড ডে মিলের পরিকাঠামো এবং মান নিয়ে অভিযোগ উঠে আসছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়।

