Thursday, April 30, 2026
রাজ্য​

‘ধরে নিলাম আমরা দুর্নীতি করেছি, তাই বলে বকেয়া টাকা আটকে দেবেন?’ কেন্দ্রকে তোপ চন্দ্রিমার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বরাবরই অভিযোগ করে আসছে, কেন্দ্র তাদের বকেয়া টাকা সময়মতো দিচ্ছে না! পাওনা টাকা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি বলেন, “তর্কের খাতিরে ধরে নিলাম আমরা দুর্নীতি করেছি। কিন্তু, তাই বলে যে কাজ করবে তাঁর টাকাটা আটকে দেবেন?” একশো দিনের কাজের বকেয়া নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য করে বসলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের অর্থমন্ত্রী বলেন, “১০০ দিনের কাজের ১৫ দিন পর টাকাটা পেয়ে যাওয়ার কথা। তর্কের খাতিরে ধরে নিলাম আমরা দুর্নীতি করেছি। কিন্তু, তাই বলে যে কাজ করবে তাঁর টাকাটা আটকে দেবেন? এটা কী হয় না কি? তাঁর টাকা তো সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। আইন বলে টাকাটা ১৫ দিনের মধ্যে দিতে হবে। মানুষের টাকা আটকাচ্ছেন। একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছেন। সেই হিসাব আমি আগেই দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমার এখান থেকে যখন টাকা নিয়ে যান তখন তো বলেন না দুর্নীতি করা রাজ্য থেকে আমি টাকা নেব না। সেটা তো দিব্যি নিয়ে যান। আর ফেরত দেওয়ার সময় সেটা দেবেন না, আমাদের প্রাপ্য টাকা আমাদের দেবেন না এটা কোন ধরণের বুজরুকি!”