Tuesday, June 9, 2026
দেশ

তিন তালাক, ৩৭০ ধারা বাতিলের পর এবার ‘এক দেশ এক আইন’ কার্যকর করা হবে: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর ২০২৪ এর ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোলহাপুরে একটি নির্বাচনী সমাবেশে অভিন্ন নাগরিক বিধি সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

অভিন্ন দেওয়ানি বিধি তথা এক দেশ এক আইন কার্যকর করাকে অমিত শাহ বিজেপির সবচেয়ে বড় ইস্যু বলেছেন। তিনি জানান এর আগে মোদী সরকার তিন তালাক বাতিল করেছে ৩৭০ ধারা রদ করেছে। এবার লক্ষ্য অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা।

অমিত শাহ বলেন, ‘তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস অভিন্ন দেওয়ানি বিধি ১৯৬৮ সালের পর থেকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল।’

তিনি বলেন, ‘জনসংঘের সময় থেকেই আমরা অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করব। আমরা শুধু নির্বাচনের কারণে এই প্রতিশ্রুতি দেয়নি। আমরা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দির দেখতে পাবেন।’

অমিত শাহ বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির অন্যতম প্রতিশ্রুতি। বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে না। ইতিমধ্যে বিজেপি শাসিত তিন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। শ্রীঘ্রই দেশজুড়ে এই আইন কার্যকর করা হবে।’