Saturday, June 6, 2026
রাজ্য​

দুয়ারে বিয়ে! মাত্র ৫০০ টাকাতেই চারহাত এক করার দায়িত্ব নিল রাজ্য সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার মাত্র ৫০০ টাকাতেই দুয়ারে বিয়ের আয়োজন করবে রাজ্য সরকার। জানা গেছে, মধ্য ও নিম্নবিত্ত পরিবার এবার সন্তানের বিয়ে দিতে পারবেন মাত্র ৫০০ টাকাতেই। পশ্চিমবঙ্গ সরকার নয়া এই উদ্যোগ নিয়েছে।

রাজ্য সরকারের উদ্যোগে এবার ৫০০ টাকাতেই বিয়ে সারতে পারবেন যুগলরা। দুয়ারেই মিলবে এই পরিষেবা। প্রতিটি জেলায় চার পাঁচটি থানা এলাকার জন্য রয়েছে একটি করে সাব রেজিস্ট্রি অফিস। এই অফিসগুলিতে মূলত জমি বাড়ির রেজিস্ট্রেশন হত এতদিন। বিয়ের রেজিস্ট্রির জন্য জেলা সদরে যেতে হতো। তবে এবার বিয়ের রেজিস্ট্রেশনও হবে এই সাব রেজিস্ট্রি অফিসগুলি থেকেই। যার ফলে বিয়ের জন্য কাউকে আর বাড়ি থেকে দূরে জেলা সদরে যেতে হবে না।

মানুষের সুবিধার্থে সাব রেজিস্ট্রি অফিসেও এবার থেকে বিয়ের রেজিস্ট্রেশন পরিষেবা চালু করল রাজ্য। গোটা রাজ্যে প্রায় ২৫৯টি সাব রেজিস্ট্রি অফিস রয়েছে। ইতিমধ্যেই ১১০টি অফিসে এই সুবিধা চালু হয়েছে। বাকিগুলিতেও চলতি মাসের মধ্যেই এই পরিষেবা চালু করা হবে।

সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বিয়ের খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। ১০০ টাকা নোটিস খরচ বাবদ এবং বাকি ৪০০ টাকা বিয়ের রেজিস্ট্রেশন খরচ।