ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া-তুরস্কে ৭ কোটি টাকার চিকিৎসা সামগ্রী পাঠালো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। ৭ কোটি টাকার বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠালো ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইটে লিখেছেন, ভারত নিজের ‘বসুধৈব কুটুম্বকম’ পরম্পরা অনুযায়ী সিরিয়া-তুরস্কে সবরকমভাবে সাহায্য চালিয়ে যাচ্ছে।
গত ৬ ফেব্রুয়ারি তিন ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছিল। ১২ ঘণ্টার মধ্যে অতি প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সেই সময় ৫,৯৪৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এরপর ১০ ফেব্রুয়ারি আরও বেশি পরিমাণে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে তুরস্ক ও সিরিয়ায়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারত সাত কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ভূমিকম্প বিধ্বস্ত দু’দেশে।

